

বিস্তারিত
পবিত্র কুরআন শুধু পাঠ ও অনুবাদের বিষয় নয়; এর আয়াতসমূহের প্রকাশ্য অর্থের পাশাপাশি রয়েছে ইশারা, তাদাব্বুর, অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক তাৎপর্যের বহুমাত্রিক পরিসর। কুরআনের এই গভীরতর পাঠকে অনুধাবনের জন্য ইসলামী তাফসির-ঐতিহ্য, বিশেষত সুফি তাফসিরের সমৃদ্ধ ধারাকে আধুনিক গবেষণার আলোচনার সঙ্গে সমন্বিত করার একটি প্রয়াস হলো ‘সিররুল কুরআন’।
এই গ্রন্থে কুরআনের ভাষা, তাফসির ও তাওয়ীল, আয়াতের প্রকাশ্য ও অন্তর্নিহিত তাৎপর্য, সুফি মুফাসসিরদের দৃষ্টিভঙ্গি এবং কুরআনের আধ্যাত্মিক জ্ঞানতত্ত্বসহ বিভিন্ন মৌলিক বিষয়কে একটি সুসংবদ্ধ কাঠামোর মধ্যে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াত, অনুবাদ পাঠ করার পাশাপাশি তার অর্থ, ইশারা ও অন্তর্নিহিত জ্ঞানকে উপলব্ধির একটি গবেষণামূলক অভিযাত্রায় আপনিও হতে পারেন একজন সহযাত্রী।
ইসলামী জ্ঞানপরম্পরায় কুরআনিক অর্থকে বহুমাত্রিক হিসেবে বিবেচনা করা হয়েছে—যাহির (প্রকাশ্য), ইশারা (ইঙ্গিত), লতিফা (সূক্ষ্মতা) এবং সিরর (অন্তর্লীন রহস্য)। সিররুল কুরআন এই স্তরবিন্যাসকে একটি পদ্ধতিগত কাঠামো হিসেবে গ্রহণ করে, যেখানে শরিয়তের জ্ঞানতাত্ত্বিক বৈধতা ও হাকিকতের অভিজ্ঞতামূলক সত্য পরস্পরবিরোধী নয়; বরং পরিপূরক। এখানে ব্যাখ্যা শুধু অর্থ নির্ধারণের প্রক্রিয়া নয়, উপলব্ধির দিকে অগ্রসর হওয়ার মাধ্যম।
সমসাময়িক মানুষ জ্ঞানে সমৃদ্ধ, তথ্য প্রযুক্তি; কিন্তু অন্তর্দৃষ্টি ও প্রশান্তিতে প্রায়শই শূন্য। এই বাস্তবতায় প্রয়াসে এমন একটি তাফসিরধারা—যা একদিকে কুরআনের গভীর তাওহিদি দর্শনকে উন্মোচন করবে, অন্যদিকে আধুনিক মনোবিজ্ঞান, চেতনা-অধ্যয়ন ও মানবিক অভিজ্ঞতার আলোচনার সাথে সংলাপ তৈরি করবে।
সিররুল কুরআন সেই ভাষায় রচিত—যা একাধারে একাডেমিক, আবার রূহানি; বুদ্ধিবৃত্তিক, আবার হৃদয়গ্রাহী।
প্রিয় পাঠক,
আসসালামু আলাইকুম।
সিররুল কুরআন (ভূমিকা পর্ব) আপনার হাতে তুলে দেওয়ার মুহূর্তে আমার মনে হচ্ছে—আমি যেন শুধু একটি কিতাব দিচ্ছি না; আমার দীর্ঘদিনের কিছু ভাবনা, কিছু অনুসন্ধান, কিছু নিঃশব্দ রাত এবং কুরআনের সঙ্গে আমার একান্ত কথোপকথনের কিছু পৃষ্ঠা আপনার হাতে তুলে দিচ্ছি।
‘সিররুল কুরআন’ লিখতে গিয়ে বারবার মনে হয়েছে, কুরআনকে যতটুকু পড়ি, তার চেয়ে অনেক বেশি সে আমাদের পড়ে। আমরা আয়াতের দিকে তাকাই, আর কোনো এক গভীর মুহূর্তে মনে হয়—আয়াতটি যেন আমাদের অন্তরের দিকেই তাকিয়ে আছে।
এই কিতাবের পাতায় পাতায় আপনি হয়তো আমার সঙ্গে একমত হবেন, হয়তো কোথাও প্রশ্ন করবেন, কোথাও থেমে যাবেন। কোথাও দ্বিমত করবেন, সেটাই আমি চাই। কারণ কুরআনের সঙ্গে সম্পর্ক শুধু সব উত্তর পেয়ে যাওয়ার সম্পর্ক নয়; কখনো কখনো একটি আয়াতের সামনে নীরবে দাঁড়িয়ে থাকাও এক ধরনের ইবাদত।
আমি জানি না, এই গ্রন্থখানি আপনার জীবনে কতটুকু জায়গা করে নেবে। তবে আমার আন্তরিক ইচ্ছা—কোনো এক ফজরের পরে, নির্জন বিকেলে, কোনো এক গভীর রাতে, কিংবা জীবনের কোনো কঠিন সময়ে ‘সিররুল কুরআন’ খুলে এমন একটি বাক্য যেন আপনার সামনে এসে দাঁড়ায়, যা আপনাকে কিছুক্ষণ নিজের ভেতরে ফিরিয়ে নেয়।
সেদিনই মনে করব, আমার এই দীর্ঘ পথচলা বৃথা যায়নি।
এই কিতাবটি তাই আপনার কাছে শুধু একটি বই হিসেবে নয়—একটি আমানত হিসেবে থাকুক।
পবিত্র কুরআনের আলো আপনার অন্তরকে স্পর্শ করুক। আপনার ভিতরের অন্ধকারগুলো ধীরে ধীরে সরে যাক।
আর আপনি একদিন নিজের অন্তরে ফিরে এসে আবিষ্কার করুন—যে সত্যের সন্ধানে এত দূর এসেছিলেন, তার দরজা হয়তো আপনার নিজের ভিতরেই ছিল।
আপনার জন্য আমার আন্তরিক দোয়া রইল।
ভালো থাকুন। আলোর পথে থাকুন। এবং সুস্থ থাকুন মনেপ্রাণে।
অনন্ত প্রেমের শুভেচ্ছা সহ
খাজা ওসমান ফারুকী
- সুফি তাফসিরে কুরআনের বহুমাত্রিক জ্ঞান, রহস্য এবং বাতিনি স্তর
পাঠকেরা একত্রে কিনে থাকেন

সিররুল কুরআন
৳1100.00৳770.00

সুফিনামা
৳550.00৳418.00

অস্তিত্বের আদিম সুর
৳450.00৳342.00
মোট মূল্য: ৳1530.00
সেভ ৳570.00
সম্পর্কিত বই
আরও বই →

অস্তিত্বের আদিম সুর

সুফি সাইকোলজি

সিররুল কুরআন
৳770.00
৳1100.00